কুমিল্লায় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

কুমিল্লায় বিদেশি পিস্তল, ওয়াকিটকি ও হ্যান্ডক্যাপ দিয়ে আইনের লোক পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা ও অপরাধ করতেন তিনি। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে। অবশেষে পিস্তল, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি মো. সোলেমানকে গ্রেফতার করা হয়েছে। 

 

সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতার সোলেমান ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুপুরে এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।
পুলিশ জানায়, সোলেমান প্রতারণাসহ নানা অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা বিচারাধীন রয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩০ পিস ইয়াবা, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেফতার সোলেমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।