দীর্ঘদিন পর ফের চালু আশুগঞ্জ পাবলিক লাইব্রেরি
সংগৃহীত ছবি
দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কার ও আধুনিকায়ন শেষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাবলিক লাইব্রেরির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইব্রেরির কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘বই মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে। তিনি তরুণদের লাইব্রেরিমুখী করতে নিয়মিত বই পড়া প্রতিযোগিতা, পাঠচক্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, দীর্ঘদিন লাইব্রেরিটি বন্ধ থাকায় জ্ঞানপিপাসু মানুষ বঞ্চিত ছিল। পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া। সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল আলম চৌধুরী, লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য জায়েদুল হক জাবেদ মুন্সী ও শরীফুল ইসলাম মিলন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশুগঞ্জ কাচারি জামে মসজিদের খতিব মুফতি মোশাররফ হোসাইন।