রেজিস্ট্রার নিয়োগ কার্যক্রম স্থগিতের আবেদন অতিরিক্ত রেজিস্ট্রারের

রেজিস্ট্রার নিয়োগ কার্যক্রম স্থগিতের আবেদন অতিরিক্ত রেজিস্ট্রারের

সংগৃহীত ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অতিরিক্ত রেজিস্ট্রার, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও অতিরিক্ত পরিচালক (সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার) পদে নিয়োগ কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক অতিরিক্ত রেজিস্ট্রার মো. আমিনুর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার বারবার বিজ্ঞপ্তির শর্তাবলী নিয়ে আপত্তি তুলে আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমি শাখার অতিরিক্ত রেজিস্ট্রার (শাখা প্রধান) মো. আমিনুর রহমান, তিনি নিজেও উক্ত পদগুলোর আবেদনকারী।

‎জানা যায়, গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৪র্থ গ্রেডভুক্ত উল্লিখিত পদগুলোতে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তিনি আবেদনে উল্লেখ করেন, ২০২৫ সালের ১৩ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্বে অনুমোদিত শর্তাবলী অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়।

কিন্তু ২০২৪ সালের ১ জুন অনুষ্ঠিত ১০৩তম সিন্ডিকেট সভায় অতিরিক্ত পরিচালক পদের জন্য নির্ধারিত অভিজ্ঞতার শর্ত ছিল ন্যূনতম ১২ বছর। সেখানে সাম্প্রতিক প্রকাশিত বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতার শর্ত ১৩ বছর উল্লেখ করা হয়েছে, যা সিন্ডিকেটের পূর্ব সিদ্ধান্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

‎তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০৯ অনুযায়ী সিন্ডিকেটই নিয়োগের শর্ত নির্ধারণের ক্ষমতা রাখে। তাই শর্ত পরিবর্তনের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও সিন্ডিকেট সিদ্ধান্তের ব্যত্যয় ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

‎তিনি দাবি করেন, সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম স্থগিত রেখে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আবেদনকারী।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘আমরা কারো জন্য কোনো নিয়ম শিথিল করিনি, বরং আরো কঠোর করেছি। ইউজিসির নিয়ম অনুযায়ী এ ধরনের পদে ১৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। সেখানে আমরা ১৩ বছর নির্ধারণ করেছি।

এ বিষয়ে ইউজিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই প্রকাশ করা হয়েছে। ফলে এ নিয়োগ কার্যক্রম স্থগিতের কোনো সুযোগ নেই।’