নটর ডেমে কলেজে দশম জাতীয় সাংস্কৃতিক উৎসব শুরু ২৩ এপ্রিল

নটর ডেমে কলেজে দশম জাতীয় সাংস্কৃতিক উৎসব শুরু ২৩ এপ্রিল

ফাইল ছবি

সংস্কৃতির ধারাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘দশম জাতীয় সাংস্কৃতিক উৎসব-২০২৬ আয়োজন করছে নটর ডেম কালচারাল ক্লাব। ‘আনন্দধারা বহিছে ভুবনে’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এই উৎসব নটর ডেম কলেজ ক্যাম্পাসে শুরু হবে আগামী ২৩ এপ্রিল এবং চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

দেশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ আয়োজনে থাকছে নানা প্রতিযোগিতা। কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও অভিনয়ের পাশাপাশি আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন, কুইজ, হাতের লেখা, উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা ও স্ক্র্যাপবুক প্রতিযোগিতা।

এছাড়া তরুণদের আকর্ষণ বাড়াতে থাকছে ‘ব্যাটল অব দ্য ব্যান্ডস’ ও ‘বিটবক্স ব্রল’। সংগীত ও পারফরম্যান্সভিত্তিক এসব প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য আয়োজকদের।

উৎসবে অংশ নিতে শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরি। একক ইভেন্টে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা এবং দলীয় ইভেন্টে ২০০ টাকা। সকল প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হবে অফলাইনে, তবে ‘ব্যাটল অব দ্য ব্যান্ডস’-এর প্রাথমিক বাছাই হবে অনলাইনে।