হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা
ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি গত ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ আলোচিত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সুপারিশ করা হয়। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে বহুজাতিক কোম্পানিটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা। আলোচিত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ পরিচলন প্রবাহ হয়েছে ঋণাত্মক ৪ পয়সা। আর গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯২ পয়সা।
আগামী ১৮ জুন সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।