পরিকল্পিত খাল পুনঃখননে পানি ব্যবস্থাপনা উন্নত হবে: জয়নুল আবদিন ফারুক
সংগৃহীত ছবি
দখলমুক্ত করে পরিকল্পিতভাবে খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার দুপুরে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সী থেকে কল্যান্দি বাজার পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৭ বছরে অনেক খাল দখল ও ভরাট হয়ে গেছে, আবার দীর্ঘদিন খনন না হওয়ায় অনেক খাল নাব্যতা হারিয়েছে। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানি সংকট তৈরি হচ্ছে, যা কৃষকদের জন্য মারাত্মক ক্ষতির কারণ।
তিনি আরও বলেন, খালগুলোকে জীবিত রাখতে হলে নিয়মিত খনন, অবৈধ দখল উচ্ছেদ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এতে কৃষির পাশাপাশি মৎস্য উৎপাদনও বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি চাঙা হবে।
কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে তিনি জানান, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে প্রতি বছর শত শত একর জমির ফসল নষ্ট হচ্ছে। অনেক কৃষক বাধ্য হয়ে বিকল্প পেশায় ঝুঁকছেন।
খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে তিনি বলেন, কোনো প্রভাবশালী ব্যক্তি যদি খাল দখল করে রাখে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, পৌর প্রশাসক নুর এ পেয়ারা বেগম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।