মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ৩৫ হাজার টাকায় মীমাংসার চেষ্টা, প্রতিবাদ

মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ৩৫ হাজার টাকায় মীমাংসার চেষ্টা, প্রতিবাদ

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ৩৫ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের এমন ‘গোপন সালিশি’র প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলমা বাজার প্রদক্ষিণ করে নির্মাণাধীন ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মিছিলটি শেষ হয়। সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান করে বিক্ষুব্ধরা।

মানববন্ধনকারীরা বলেন, ৩৫ হাজার টাকার বিনিময়ে ওই সালিশে ধর্ষণকারীকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং গোপন সালিশে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

ভুক্তভোগীর বাবা জানান, গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে বাড়ির পাশে নিয়ে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। বিষয়টি প্রভাবশালী মহল ৩৫ হাজার টাকার বিনিময়ে বিচার করে মীমাংসার চেষ্টা করেছেন।

তবে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার রাতে লৌহজং থানায় মামলা দায়ের করেন। পরদিন পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মামুন ফরাজি পটুয়াখালীর বাউফল উপজেলার চরবাদকাটি গ্রামের বাসিন্দা।  

এ ঘটনায় কলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিরন দোকানদারকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় অভিযোগের পর দিন অভিযুক্ত মামুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী সালিশ মীমাংসার বিষয়ে কিছু বলেনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।