ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সংগৃহীত ছবি

চট্টগ্রাম সিটি কলেজ ও ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং “গুপ্ত শিবির সন্ত্রাস” ও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি শহরের কুমারশীল মোড় থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা ছাত্রদলের নেতা-কর্মীদেও উপর ছাত্র শিবিরের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি শিক্ষাঙ্গনে কথিত গুপ্ত রাজনীতি বন্ধেরও দাবি জানান। 

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও গোপন রাজনৈতিক কর্মকান্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকান্ডের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিল ও সামাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার, সদস্য ইমাম সোন, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিশন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সালমান ইসলাম, সদর উপজেলা ছাত্রদল নেতা আজিজুল খন্দকার আজিজ, পৌর ছাত্রদল নেতা রিফাত, সরকারি কলেজ ছাত্রদল নেতা হাসবি রাব্বি পাঠান, জেলা ছাত্রদল নেতা রাহুল, সাজন ও মোবাশির খন্দকার প্রমুখ।