বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র আবার বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র আবার বন্ধ

ফাইল ছবি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দুইদিন পর উৎপাদনে ফিরলেও আবার বন্ধ হয়ে গেছে। বয়লারের টিউব ফেটে যাওয়ায় শনিবার ভোর রাতের দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়।

এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে উত্তরাঞ্চলের অন্তত আট জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, শুক্রবার দিবাগত রাত ৮টা ১০ মিনিটে ইউনিটটি চালুর পর মধ্যরাতেই সমস্যা দেখা দেয়। পরে ভোর রাত সাড়ে ৩টার দিকে বয়লারের টিউব ফেটে যাওয়ায় ১ নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ করতে হয়েছে। বয়লারের বাষ্প ঠান্ডা হতে সময় লাগবে। সব মিলিয়ে মেরামতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। তৃতীয় ইউনিটটি আগামী মে মাসের মাঝামাঝি সময়ে উৎপাদনে আসতে পারে।