শহীদ শাহরিয়ারের পিতার চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
সংগৃহীত ছবি
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের পিতা (শ্বশুর) শহীদুল ইসলামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদুল ইসলামের অসুস্থতার খবর জানার সঙ্গে সঙ্গেই তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শনিবার (২৫ এপ্রিল) “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে শহীদুল ইসলামের চিকিৎসার খোঁজ নেয়। এ সময় তারা তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং চিকিৎসা সহায়তাও প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, ড্যাব কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।
উল্লেখ্য, শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের পরিবার বর্তমানে একের পর এক শোক ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার স্ত্রী ইতোমধ্যে স্বামী ও মাকে হারিয়েছেন এবং বর্তমানে তার পিতা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।