পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে।আহত শ্রমিকের নাম মোস্তফা, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাপাতিলা এলাকার একটি চা বাগানে সোহরাওয়ার্দীসহ তিনজন শ্রমিক চা পাতা সংগ্রহের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীর মৃত্যু হয়। পাশে থাকা মোস্তফা গুরুতর আহত হন, তবে তাদের সঙ্গে থাকা অপর শ্রমিক অক্ষত থাকেন।

আহত মোস্তফাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটোয়ারী থানার এসআই জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।