জামালপুরে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

প্রতিকি ছবি

জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর এবং মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার হবিবর আলীর ছেলে হাসমত আলী হাসু (৪৫) এবং মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার কড়ইচুড়া গ্রামের রাজিব কুলির স্ত্রী মর্জিনা আক্তার (২১)।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শামীম ইফতেখার জানান, বিকেলে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গেলে হাসমত আলী ও তার চাচাতো ভাই আনোয়ার হোসেন বজ্রপাতে আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে হাসমত আলীকে মৃত ঘোষণা করা হয়। 

তিনি আরও জানান, আহত আনোয়ারসহ আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ আছেন। এ ঘটনায় হাসমত আলীর একটি গরুও মারা গেছে।

অন্যদিকে, নিহত মর্জিনা আক্তারের স্বামী রাজিব কুলি জানান, দুপুরে বাড়ির উঠানে রান্নার সময় হঠাৎ বজ্রপাত হলে মর্জিনা আক্তার মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শেফালী বেগম নামে আরও একজন আহত হয়েছেন।

একই দিনে দুই উপজেলায় বজ্রপাতে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।