কৃষকের জন্য অগ্রাধিকারভিত্তিক ডিজেল সরবরাহের দাবি
সংগৃহীত ছবি
সেচ পাম্প ও হারভেস্টার সচল রাখতে কৃষকদের অগ্রাধিকারভিত্তিক ডিজেল সরবরাহের দাবিতে বরিশাল নগরীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এ কর্মসূচির আয়োজন করে।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক অন্তু বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, সংগঠক কিশোর কুমার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক ভূমিকা সরকার এবং বিএম কলেজের সংগঠক মিনহাজ সরদারসহ অনেকে।
বক্তারা বলেন, কৃষক সেচ পাম্পে ডিজেল আনতে গিয়ে হিটস্ট্রোকে মারা গেছেন—এটি রাষ্ট্রীয় অবহেলার ফল। তাদের দাবি, দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কৃষকদের জ্বালানি সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রাখা রাষ্ট্রের ব্যর্থতা।
তারা আরও বলেন, অন্যান্য জরুরি সেবায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলেও কৃষকের ক্ষেত্রে রাষ্ট্র উদাসীন। কৃষি ও কৃষককে যথাযথ মর্যাদা না দেওয়ার কারণে এই সংকট তৈরি হচ্ছে।
বক্তারা সতর্ক করে বলেন, কৃষকের কাছে রাষ্ট্রীয় উদ্যোগে ডিজেল সরবরাহ নিশ্চিত না করা হলে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং ভবিষ্যতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে।
তারা অবিলম্বে কৃষকদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অগ্রাধিকারভিত্তিক ডিজেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।