ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলাকপুর গ্রামের ছমির বাড়ি গোষ্ঠীর সাবেক মেম্বার আব্দুল আলীর সঙ্গে তার চাচাতো ভাই মোহাম্মদ আউয়াল মিয়ার পারিবারিকসহ নানা কারণে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর ধারাবাহিকতায় গত শনিবার রাত থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
রবিবার দুপুরে আব্দুল আলী ও আউয়াল মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহত ব্যক্তিরা জেলা সদরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।