সিদ্ধিরগঞ্জে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ফল বিক্রেতার দোকান ভাঙচুর ও মারধরের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক।
গ্রেপ্তার হওয়া সালাউদ্দিন (৫৫) সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন বাজারে মো. আজিজুল হকের (৬০) একটি ফলের দোকান রয়েছে। একই এলাকার সালাউদ্দিন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বাজারের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দিয়ে আসছিলেন। পাশাপাশি বাজারের বিভিন্ন দোকান থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখিয়ে দোকান উচ্ছেদের হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ।
ভুক্তভোগী আজিজুল হক গত শুক্রবার (২৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তিনি গত এক মাস অসুস্থ থাকায় চাঁদা দিতে পারেননি। শুক্রবার দোকান বসাতে গেলে সালাউদ্দিনসহ ৭–৮ জন এসে তাকে গালিগালাজ ও মারধর করেন। এ সময় প্রায় ৮০ হাজার টাকার ফল নষ্ট করে খালে ফেলে দেওয়া হয় এবং দোকান ভাঙচুর করা হয়।
বাধা দিতে গেলে তাঁর ছেলেকেও মারধর করা হয়।
স্থানীয়রা জানান, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালাউদ্দিন চাঁদাবাজি চালালেও বর্তমানে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে আবারও বাজারে প্রভাব বিস্তার করছেন। এ ছাড়া দোকান দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আজিজুল হক বলেন, অভিযুক্তরা তাকে ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে তিনি চরম আতঙ্কে রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, ফল বিক্রেতার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।