বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে ‘দ্বৈত ডিগ্রি’ নীতিমালার উদ্যোগ
সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি (ডুয়াল ডিগ্রি) কার্যক্রম সহজ করতে সমন্বিত নীতিমালা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আমেরিকায় অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস কনভেনশনে ইউজিসি প্রতিনিধিদলের অংশগ্রহণ, বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ অনলাইনে যাচাই এবং যৌথ অর্থায়নে ফুলব্রাইট প্রোগ্রামের আওতায় আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলে ছিলেন পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কাউন্সিলর মনিকা সাই, আমেরিকান সেন্টারের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান এবং পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা।
এ সময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভুঁইয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন।