নোয়াখালীতে দুই অবৈধ ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
নোয়াখালীর সদর উপজেলায় অবৈধ দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।
অভিযান সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই উপজেলার চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মমতাপুর গ্রামের মালেক ব্রিকস নামে দুটি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক দুটি মামলায় প্রতিটি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নোয়াখালী পরিবেশ অধিদফতর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম বলেন, অভিযানে দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।