সিরাজগঞ্জে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

প্রতিকি ছবি

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাত্র দেড় মিনিটের কালবৈশাখী ঝড়ে বেশকিছু ঘরবাড়ি, গাছপালা ও আবাদি জমির ফসল লন্ডভন্ড হয়ে গেছে। গাছ ভেঙ্গে ঘরের ওপর পড়ায় নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বেশকিছু মৌসুমী ফলের গাছ ভেঙ্গে পড়েছে। আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার ভোরে ফজরের নামাজের পর উপজেলার কয়ড়া, বাঙ্গালা, সলঙ্গা, রামকৃষ্ণপুর, পূর্ণিমাগাঁতী ও বড়পাঙ্গাসী এ ৬টি ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।   

নিহত নাছিমা খাতুন (৪৫) দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি পুকুরপাড় এলাকার দরিদ্র হাবিবুর রহমানের স্ত্রী। তিনি খাস জমিতে তোলা ছোট্র একটি সাপড়া ঘরে বসবাস করতেন।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন জানান, সোমবার ভোরে ঝড়ের সময় গাছ ভেঙ্গে ঘরের ওপর পড়ে।

এতে নিচে চাপা দরিদ্র নাছিমা খাতুনের মৃত্যু হয়। এসময় তার দুই শিশু সন্তান ঘরের মধ্যে থাকলেও তাদের কিছু হয়নি। ঘটনাস্থল পরিদর্শনের পর নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, মাত্র দেড় মিনিটের কালবৈশাখী ঝড়ের কারণে বেশকিছু স্থানে আবাদি জমির ধান গাছ মাটিতে নুয়ে ফসলের আংশিক ক্ষতি হয়েছে।

এছাড়াও ৫-৬টি ইউনিয়নে বেশকিছু মৌসুমী ফলের গাছসহ অন্যান্য গাছপালা ভেঙ্গে পড়েছে।