টাঙ্গাইলে বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই দিনে আহত ৫৪

টাঙ্গাইলে বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই দিনে আহত ৫৪

ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুরে একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রবিবার ও সোমবার উপজেলার পৌর শহরসহ কালিয়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ৯ জন শিশু ও ১০ জন নারী রয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার দুপুরে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রাম থেকে কুকুরটি মানুষকে কামড়াতে শুরু করে।

পরে এটি সখীপুর পৌর শহরের দিকে গিয়ে আন্ধি ও উত্তরা মোড় এলাকায় আরও প্রায় ২০ জনকে কামড় দেয়। সোমবার সকালে কুকুরটি আবার কালিয়া, ঘোনারচালা ও দামিয়া গ্রামে ঢুকে কয়েকজনকে জখম করে।

আহতদের মধ্যে ৫৪ জন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত আব্দুর রশিদ (৬০) নামে একজনকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

কালিয়া ঘোনারচালা গ্রামের বাসিন্দা খন্দকার হাবিবুর বলেন, নাতনিকে স্কুলে দিয়ে ফেরার পথে হঠাৎ কুকুরটি কামড় দেয়। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কুকুরটি তাদের ওপরও হামলা চালায়।  

একই গ্রামের মেহেরান বেগম জানান, দুই বছরের নাতনিকে বাঁচাতে গিয়ে তিনিও কুকুরের কামড়ে আহত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি বলেন, ঘটনাটি দুঃখজনক। স্থানীয়ভাবে দ্রুত ব্যবস্থা নিয়ে কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা উচিত ছিল।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।