রংপুরে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ কমিশনারের মতবিনিময়
সংগৃহীত ছবি
রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেট্রোপলিটন পুলিশের নব-নিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। সোমবার বিকেলে নিজ কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। এছাড়া নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, মাদক নির্মূলে অভিযান পরিচালনাসহ শান্তিপূর্ণ নগরী প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এছাড়া প্রতিটি থানায় সেবা নিশ্চিতের কাজ করার অঙ্গীকার করেন তিনি।
নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, রংপুর নগরী দেশে অন্য জেলা-মহানগরীর তুলনায় অনেক শান্তি প্রিয়। এ নগরীতে যানজটের সমস্যা রয়েছে। সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে এ সমস্যা সমাধানে কাজ করবে মেট্রোপলিটন পুলিশ। নগরীতে মাদকের বিস্তার রোধকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। এছাড়া নগরীতে চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমসহ অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখবে মেট্রোপলিটন পুলিশ। এক্ষেত্রে নগরবাসীকে সহযোগিতা করতে হবে। অপরাধের তথ্য পাওয়ার সাথে সাথে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সনাতন চক্রবর্তী, মারুফ আহমেদ, লিমন রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শরিফুল আলমসহ রংপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।