বরিশালে গৃহবধূর লাশ উদ্ধার

বরিশালে গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিকি ছবি

বরিশালের উজিরপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মুন্ডুপাশা গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। শ্বশুর দাবি করেছে, গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে তার বাবার দাবি কন্যার মৃত্যু রহস্যজনক। পুলিশ বলছে, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বলতে পারব। 

লাশ উদ্ধার করা গৃহবধূ ঝর্না মাঝি (৩৫) পূর্ব ধামসর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী অভি মাঝির স্ত্রী। 
গৃহবধূর শ্বশুর নীরা মাঝি জানান, তার ছেলে প্রবাসে রয়েছে। পুত্রবধূ বাড়িতে থাকত। নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের চিকিৎসক মৃত ঘোষনা করেছেন।  

গৃহবধূর বাবা পরিতোষ শিয়ালী অভিযোগ করেন, কন্যা ঝর্নার সাথে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর ও দেবরের সাথে বিরোধ রয়েছে। শ্বশুরবাড়ির প্রতিবেশির মাধ্যমে কন্যার মৃত্যুর খবর পেয়েছেন। কন্যার মৃত্যুর ঘটনায় রহস্য রয়েছে। 

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন বলতে পারবো। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।