ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে চারজন নিহত
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার এই দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি কমিউটার ট্রেন আগে থেকেই একই লাইনে দাঁড়িয়ে ছিল। তখন পেছন দিক থেকে আসা একটি দূরপাল্লার ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে চারজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকাজ চলছে।
পরে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনা সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত ৩৮ জনকে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ। রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।