সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
সংগৃহীত
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) রিয়াদে অনুষ্ঠিত সাক্ষাৎকালে উপদেষ্টা কবির প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর করেন।
উপদেষ্টা উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে। তিনি বাণিজ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পৌঁছে দেন।
উপদেষ্টা কবিরকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এই অঞ্চলের সংকটময় সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন সৌদি উপমন্ত্রী।