উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইলস
ছবি: সংগৃহীত
উৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড।
গত রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে কারখানার জন্য জমি কেনার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও জানা যায়, বর্তমান কারখানা প্রাঙ্গণে কোম্পানির 'ওপেন-অ্যান্ড (রোটর) স্পিনিং' উৎপাদন সক্ষমতা দৈনিক ২৫ টন থেকে বাড়িয়ে ৫০ টনে উন্নীত করা হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো উৎপাদন প্রক্রিয়ার উচ্ছিষ্ট বা ‘রিকভারড ম্যাটেরিয়ালস’ ব্যবহার করে সুতা উৎপাদন বৃদ্ধি করা এবং উৎপাদিত এই সুতা কোম্পানির নিজস্ব ডেনিম উৎপাদনে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা হবে, যা উৎপাদন প্রক্রিয়ার সমন্বয় এবং সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা, যার ৭০ শতাংশ ঋণ ও ৩০ শতাংশ ইকুইটির মাধ্যমে সংগ্রহ করা হবে।
ধারণা করা হচ্ছে, বর্তমান খরচ ও বাজারমূল্যে অনুযায়ী প্রকল্পটি সাত বছর মেয়াদি ঋণ পরিশোধ করার মতো পর্যাপ্ত নগদ অর্থ প্রবাহ তৈরি করতে সক্ষম এবং প্রকল্পটির বিনিয়োগ উঠে আসতে প্রায় ৪ বছর ৮ মাস। এছাড়া ১৫ বছরের প্রকল্প মেয়াদে ইকুইটির বার্ষিক রিটার্নের হার ২৭ দশমিক ৮ শতাংশ এবং প্রকল্পের বার্ষিক রিটার্নের হার ১৪ দশমিক ৮ শতাংশ হবে।
কারখানার ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিটির ময়মনসিংহের ভালুকায় বর্তমান কারখানা কাছে ৫০ দশমিক ৩৭ ডেসিমল জমি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। যার সামগ্রিক ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯ লাখ টাকা।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। তাদের রিজার্ভে রয়েছে ৭০০ কোটি ৯৭ লাখ টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর ৬৫ দশমিক ৪১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৭৬, বিদেশি বিনিয়োগকারী দশমিক ২৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১১ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে।