সিলেটে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর
প্রতিকি ছবি
সিলেটের কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ২টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারহানা বেগম ওই গ্রামের সোহেল আহমদের স্ত্রী।
ফারহানার পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানার বিয়ে হয় সোহেল আহমদের সঙ্গে। বিয়ের পর থেকেই স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন সোহেল। তাদের ঘরে তিন সন্তান রয়েছে।
নির্যাতনের কারণে কয়েক দিন আগে বাবার বাড়ি চলে যান ফারহানা। সেখান থেকে তিনি জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে মামার বাড়িতে বেড়াতে যান। গত সোমবার রাতে সোহেল আহমদ ও তার এক চাচাতো ভাই সিএনজি অটোরিকশা নিয়ে মামার বাড়ি গিয়ে ফারহানাকে নিয়ে আসেন। ওই রাতেই ছুরিকাঘাত করে খুন করা হয় তাকে।
ফারহানার ভাই সেলিম উদ্দিন জানান, সোহেল আহমদ মাদকাসক্ত। তিনি প্রায়ই ফারহানাকে মারধর করতেন। সর্বশেষ কয়েক দিন আগে সে স্বামীর বাড়ি ছেড়ে আসে। তাকে হত্যা করার পরিকল্পনা করেই মামার বাড়ি থেকে ফারহানাকে নিজের বাড়িতে নিয়ে যায় স্বামী সোহেল। তিনি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত স্বামী সোহেল আহমদকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।