ঝড়ে কলাপাড়ায় পাঁচটি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত
ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৫টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি। উপড়ে পড়েছে শত শত গাছপালা।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বর্তমানে তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
এছাড়া চাকামইয়া, লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বেশকিছু ঘর-বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দরিদ্র পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।