চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী হত্যা: গ্রেফতার ২

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী হত্যা: গ্রেফতার ২

প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ব্যবসায়ী মুহাম্মদ শাহাদাত (৩০) হত্যার ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গত সোমবার মধ্যরাতে সাতকানিয়া ও চট্টগ্রাম নগর থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সাইফুল ইসলাম (৩১), ইসমাইল (২৭)।

এর আগে নিহত শাহাদাতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, সাইফুল ইসলামকে সত্যপীরের দরগাহ এলাকা থেকে এবং ইসমাইলকে চট্টগ্রাম নগর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারির শুরুতে পিচ্চি কামাল নামে একজন তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হন। পরে তিনি জামিনে মুক্তি পান। ওই ঘটনায় শাহাদাত তাকে ধরিয়ে দিয়েছেন এমন সন্দেহে আসামিরা তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল।

গত ২৬ এপ্রিল রাতে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় নিজের চা দোকানের সামনে বসে ছিলেন শাহাদাত। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় নগরের আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।