প্রবাসফেরত ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী-সন্তান গ্রেপ্তার
প্রতিকি ছবি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়নে প্রবাসফেরত এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে তার স্ত্রী ও সন্তানদের গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে উপজেলার বক্তপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শুক্কুর মোহাম্মদ নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ শাহজাহান দীর্ঘ ৩০ বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে তিনি স্ত্রীর নামে সঞ্চয়পত্র, স্বর্ণালংকার ও বাড়িসহ উল্লেখযোগ্য সম্পদ গড়ে তোলেন।
দেশে ফেরার পর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, ঘটনার রাতে স্ত্রী কামরুন নাহার জুমুর প্রথমে শাহজাহানের কক্ষে গিয়ে দরজা খুলিয়ে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ছেলে শাহারিয়ার জাহান আতিক ও মেয়ে শাহারিয়া জাহান আরিফাকে সঙ্গে নিয়ে ফিরে এসে শাহজাহানকে চেপে ধরেন। এ সময় তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যান তারা।
পরে জ্ঞান ফিরে পেলে শাহজাহান স্থানীয়দের খবর দিলে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট মেডিক্যাল এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বোন সুমি আক্তার বাদী হয়ে স্ত্রী, ছেলে ও মেয়েসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে চালানোর চেষ্টা করা হলেও জিজ্ঞাসাবাদে আসামিরা প্রকৃত ঘটনা স্বীকার করেছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে