আবারও ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আবারও ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আবারও ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি।। ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে পুনরায় ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার দুপুরে নাফ নদীর মোহনায় মাছ ধরা শেষে ফেরার পথে দুটি ডিঙি নৌকাসহ তাঁদের অপহরণ করা হয়।

‎অপহৃত জেলেরা হলেন- সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম।
‎‎​বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ওই জেলেরা। ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা তাঁদের আটক করে নিয়ে যান।
‎টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

‎​বিজিবির পরিসংখ্যান অনুযায়ী, গত দুই বছরে নাফ নদী থেকে অন্তত সাড়ে চার শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাঁদের মধ্যে ২৩০ জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও বাকিরা এখনো দেশটির বিদ্রোহী গোষ্ঠীটির হাতে বন্দি অবস্থায় রয়েছেন।