যেভাবে সপ্তাহজুড়ে সতেজ থাকবে পুদিনা পাতা
ফাইল ফটো
গরমের দিনে ঠান্ডা পানীয় বা শরবতে পুদিনাপাতা থাকলে স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু প্রতিদিন বাজার থেকে তাজা পুদিনা আনা সবসময় সম্ভব হয় না। তাই সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে এই পাতা কয়েক দিন নয়, পুরো সপ্তাহজুড়েই টাটকা রাখা যায়।
পুদিনাপাতা ভালো রাখার সহজ কিছু উপায়:
প্রথম উপায়, একটি পাত্রে পানি নিয়ে পুদিনার ডাঁটার অংশ পানিতে ডুবিয়ে রাখুন।
এরপর পাতাগুলোর ওপর আলগাভাবে প্লাস্টিক ঢেকে ফ্রিজে রাখুন। এতে পাতাগুলো অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা পাবে, আবার সামান্য বাতাস ঢুকতে পারায় দীর্ঘ সময় সতেজ থাকবে।
দ্বিতীয় উপায়, পাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর হালকা ভেজা কাপড় বা টিস্যুতে মুড়িয়ে একটি ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করুন।
এখানে খেয়াল রাখতে হবে, কোনো পাতা যেন নষ্ট না থাকে। কারণ একটি নষ্ট পাতা থাকলে দ্রুত বাকিগুলোও খুব দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে।
তৃতীয় উপায়, পুদিনাপাতা বরফের ট্রেতে রেখে তার ওপর পানি ঢেলে ফ্রিজারে জমিয়ে রাখা। এতে পুদিনার স্বাদ ও গুণাগুণ বজায় থাকে।
পরে শরবত বা পানীয় তৈরির সময় সরাসরি সেই বরফ ব্যবহার করা যায়।
সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে পুদিনাপাতা দীর্ঘ সময় তাজা রাখা সম্ভব, আর গরমের দিনে তা ব্যবহার করাও হয় সহজ।