হবিগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ৪ ব্রিজ ঝুঁকিপূর্ণ
সংগৃহীত ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ঢাকা-সিলেট মহাসড়কের দশ কিলোমিটার এলাকার চারটি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরিভাবে রক্ষণাবেক্ষণ করা না হলে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সড়কে যান চলাচল।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের একপাশ থেকে মাটি সরে গেছে। অপরিকল্পিত চা-বাগানের ছড়া থেকে সিলিকা বালু উত্তোলনের ফলে ছড়ার গভীরতা বেড়ে গেছে।
ফলে প্রবল বর্ষণে পাহাড়ি ঢল ও চা বাগানের পানিতে বালি মাটি সরে যাচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনকারী হাজারও চা-গাছ পাহাড়ি ঢলের সঙ্গে তলিয়ে যাচ্ছে। ক্রমে সংকুচিত হচ্ছে চা-বাগান। একযোগ পূর্বে চন্ডিছড়া, সাতছড়ি ছড়া, চাকলাপুঞ্জি ছড়া ও বেগমখাঁন ছড়ার প্রশস্ত ১০ ফুটের জায়গায় ৫০ ফুট কোথাও ৭০, কোথাও ১০০ ফুট, কোথাও ২০০ ফুটও হয়েছে।
স্থানীয়দের অভিমত, পাহাড়ি ছড়া থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে প্রতি বছর চা বাগান ছড়ায় পানিতে তলিয়ে গিয়ে বাগান সংকুচিত হচ্ছে অপরদিকে রাস্তা মেরামতের নামে কোটি কোটি টাকার অপচয় হচ্ছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও চারটি ব্রিজ ফাটল দিয়েছে। উপজেলা প্রশাসন তা পর্যবেক্ষণ করেছে। শিগগির ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রিজ মেরামত করা হবে।