কুয়েতে বাসে ডাকাতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে বাসে ডাকাতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

কুয়েতের ফারওয়ানিয়া শহরে বাসে ডাকাতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আরব টাইমসের।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেফতারকৃত তিনজন একটি গ্যাংয়ের সদস্য। বাসের যাত্রীদের লক্ষ্য করে বিভিন্ন স্থানে তারা ডাকাতি করে। 

আরব টাইমস আরও জানিয়েছে, একটি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করা টিকিট ইন্সপেক্টর বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, বাসে ডাকাতি বেড়ে গেছে। 

অভিযোগের পর অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে জেলেব আল-শুইয়ুক পুলিশের সদস্যরা।

গ্রেফতারের আগে ওই তিনজনের ওপর নজরদারি চালায় নিরাপত্তা বাহিনী। যথাযথ প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ৩৩৩ দিনার (কুয়েতের মুদ্রা) জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, জব্দকৃত এসব অর্থ ডাকাতি থেকে পাওয়া।