ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. মোস্তফা ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আরাজি ঢাংগি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
মোস্তফা ইসলাম ওই এলাকার মৃত মোতালেবের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘মসতু’ নামে পরিচিত ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজের বাড়ির পাশে একটি মেহগনি গাছের সঙ্গে মোস্তফাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো সম্ভব হয়নি।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এটি আত্মহত্যা না কি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।