সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

প্রতিকী ছবি

সুনামগঞ্জের ছাতকে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) সুনামগঞ্জ-সিলেট সড়কের উপজেলার জালালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭) এবং ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন ও সিএনজিচালক। তবে নিহত সিএনজিচালকের পরিচয় এখনও জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল রিফাত পরিবহনের একটি বাস। এ সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ইউসুফ আলী, তার দুই মেয়ে ও ভাতিজি জামাই যাত্রা করছিলেন। পথে জালালপুর এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ লেন পরিবর্তন করে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। 

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও ইউসুফ আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নিলুফা আক্তার, কেয়া আক্তার ও মো. শাহাব উদ্দিনকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। এ দিকে দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, দুর্ঘটনায় সিএনজিচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের মরদেহ সুনামগঞ্জে রয়েছে। এ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।