নওগাঁয় এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

নওগাঁর আত্রাইয়ে বাড়ির পাশের একটি গাছ থেকে সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার মনিয়ারী ইউনিয়নের পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।

​জানা যায়, সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা ঘরের বাইরে বের হলে বাড়ির পাশের একটি গাব গাছে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে আত্রাই থানার এসআই মো. উজ্জ্বল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

​আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম বলেন, নিহত বৃদ্ধা দীর্ঘদিন মানসিক রোগি ও অসুস্থ ছিলেন বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।