সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল অভিনেতার, হাসপাতালে স্ত্রী
ছবি: সংগৃহীত
ভারতের কেরালার আদুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মালয়ালম চলচ্চিত্র অভিনেতা সন্তোষ কে নায়ার। মঙ্গলবার (৫ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গন ও অগণিত ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পরপরই তাঁকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দুর্ঘটনায় তাঁর স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চার দশকের বেশি অভিনয় জীবনে সন্তোষ কে নায়ার দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ জনপ্রিয় সিনেমা। ১৯৮২ সালে ‘ইথু আরাথি কথা’ ছবির মাধ্যমে বড় পর্দায় তাঁর পথচলা শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। খলনায়ক ও কৌতুক চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মনে গভীর রেখাপাত করেছিল। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায়ও কাজ করেছেন তিনি।
মালয়ালম সুপারস্টার মোহনলাল অভিনেতা সন্তোষের কলেজের বন্ধু। এক সাক্ষাৎকারে শৈশবের স্মৃতি উগড়ে দিয়ে প্রয়াত এই অভিনেতা বলেছিলেন, জীবনের নানা চড়াই-উতরাই পাড়ি দিলেও তাঁদের বন্ধুত্বের গভীরতা কখনও কমেনি।
সন্তোষকে সর্বশেষ দেখা গিয়েছিল চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘ভরতনাট্যম ২: মোহিনীঅট্টম’ ছবিতে।