তাপমাত্রা নিয়ে মে মাস জুড়ে সারা দেশের জন্য দুঃসংবাদ

তাপমাত্রা নিয়ে মে মাস জুড়ে সারা দেশের জন্য দুঃসংবাদ

ফাইল ছবি

চলতি মে মাসে চরম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মাসে একদিকে যেমন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, তেমনি দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে মাসে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং অন্তত একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী এপ্রিল মাসের আবহাওয়া ছিল একেবারেই ব্যতিক্রম। যেখানে এপ্রিলে গড়ে ১১৯ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে এবার বৃষ্টি হয়েছে ১৯৬ মিলিমিটার–যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭৬ শতাংশ বেশি। বিশেষ করে সিলেটে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মে মাসে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।