এমবাপ্পেকে বিদায় করতে পারে রিয়াল মাদ্রিদ

এমবাপ্পেকে বিদায় করতে পারে রিয়াল মাদ্রিদ

ছবি: রয়টার্স

মাত্র দুই মৌসুম না যেতেই রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ক্লাবের ভেতরে ফরাসি তারকাকে ঘিরে অসন্তোষ বাড়ছে এবং পরিস্থিতি জটিল হলে তাকে বিক্রির বিষয়ও বিবেচনা করতে পারে রিয়াল।

দুই মৌসুম আগে বড় প্রত্যাশা নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। তবে এই মৌসুমের শেষ দিকে এসে তার আচরণ, ড্রেসিংরুমে দূরত্ব এবং দলীয় ঐক্যে প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে।

ক্লাবের একটি অংশ মনে করছে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্ব ও দায়বদ্ধতার জায়গাতেও আরো বেশি উপস্থিতি দেখানো প্রয়োজন ছিল তার।

অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নীরব প্রতিদ্বন্দ্বিতাও আলোচনায় এসেছে। আক্রমণভাগে দুই তারকার প্রভাব ও অবস্থান নিয়ে ভেতরে ভেতরে চাপ তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে।

বিশেষ করে ভিনিসিয়ুস নিজেকে ক্লাবের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দেখেন।

চ্যাম্পিয়নস লিগে বড় ম্যাচে তার অবদান এবং দীর্ঘদিনের সম্পর্ক তাকে বাড়তি গুরুত্ব এনে দিয়েছে। ফলে দুই তারকার মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রিয়ালের জন্য।

তবে ক্লাবের ভেতরে এখন বড় প্রশ্ন—রিয়ালের আক্রমণভাগের আসল নেতা কে? এমবাপ্পে বিশ্ব ফুটবলের বড় নাম হলেও, ভিনিসিয়ুসের রয়েছে চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার ইতিহাস এবং ড্রেসিংরুমে শক্ত অবস্থান।

এদিকে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

প্রয়োজনে বড় সিদ্ধান্ত নিতেও প্রস্তুত ক্লাব। এমনকি এমবাপ্পের জন্য বড় অঙ্কের কোনো প্রস্তাব এলে বিক্রির বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম।