সিদ্ধিরগঞ্জে গ্রেফতার বিএনপি নেতা দল থেকে বহিষ্কার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা মো. সালাউদ্দিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা এবং জনশৃঙ্খলা বিনষ্টকারী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং বিএনপির ঢাকা বিভাগীও সাংগঠনিক সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।
এর আগে, এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে গত ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।