ভোলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে উপজেলার ১০৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে দৌলতখান আমিরজং গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নুর মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দৌলতখান প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

এসময় তিনি বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অতিরিক্ত ডিভাইস-আসক্তি থেকে নিরাপদ রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে সুস্থ, সবল ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ-সভাপতি নিজাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, দৌলতখান প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু নোমান ও সাধারণ সম্পাদক আব্দুল হাইসহ অন্যান্যরা।