মার্শ ঝড়ে বেঙ্গালুরুর শীর্ষে ওঠা আটকালো লখনৌ

মার্শ ঝড়ে বেঙ্গালুরুর শীর্ষে ওঠা আটকালো লখনৌ

মিচেল মার্শ

আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। তবে একানা স্টেডিয়ামে সেই স্বপ্ন ভেঙে দিল লখনৌ সুপার জায়ান্টস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রিশভ পন্তের দল ৬ রানে হারিয়েছে বেঙ্গালুরুকে। এই জয়ে প্লে-অফের ক্ষীণ আশা টিকিয়ে রাখল লখনৌ।

বৃষ্টির কারণে এক ওভার কমে হওয়া ম্যাচে আগে ব্যাট করে ১৯ ওভারে ৩ উইকেটে ২০৯ রান তোলে লখনৌ। জবাবে বেঙ্গালুরু থামে ৬ উইকেটে ২০৩ রানে। ম্যাচের নায়ক মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার খেলেন ৫৬ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৯টি ছক্কা। বৃষ্টি বারবার খেলা থামালেও মার্শের ব্যাটে তার প্রভাব পড়েনি।

মার্শকে দারুণ সঙ্গ দেন আর্শিন কুলকার্নি ও নিকোলাস পুরান। কুলকার্নি ১৭ রান করলেও ওপেনিং জুটিতে আসে ৯৫ রান। পরে পুরানের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে লখনৌকে বড় সংগ্রহ এনে দেন মার্শ। শেষ দিকে পন্ত মাত্র ১০ বলে অপরাজিত ৩২ রান করে রানসংখ্যা আরও বাড়ান।

২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। জেকব বেথেল ও বিরাট কোহলিকে দ্রুত ফিরিয়ে দেন মোহাম্মদ শামি ও প্রিন্স যাদব। এরপর রজত পাটীদার ও দেবদত্ত পাডিক্কাল পাল্টা লড়াই গড়েন। পাটীদার ৩১ বলে ৬১ রান করেন, পাডিক্কাল করেন ৩৪। টিম ডেভিডও ঝড়ো ব্যাটিং করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।

বল হাতে লখনৌর হয়ে সবচেয়ে কার্যকর ছিলেন প্রিন্স যাদব ও শাহবাজ আহমেদ। ৩৩ রানে ৩ উইকেট নেন যাদব, আর শাহবাজ নেন দুইটি উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে বেঙ্গালুরুকে থামিয়ে দেন তারা।