মারামারি করেও লঘু শাস্তি পেলেন রিয়ালের দুই তারকা
ছবি: সংগৃহীত
অনুশীলনের মাঠ থেকে শুরু, তারপর ড্রেসিংরুমে হাতাহাতি করে বড় ধরনের শাস্তির শঙ্কায় পড়েছিলেন রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন শুয়োমেনি। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা ভাবছিল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু লঘু শাস্তি পেলেন তারা। দুই খেলোয়াড়কে ৫ লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে।
দুই খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল রিয়াল। কিন্তু বড় ধরনের শাস্তি দেয়নি। এক বিবৃতিতে ক্লাব বলেছে, ‘যা ঘটেছিল সেজন্য দুই খেলোয়াড় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং দুজন দুজনের কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়া তারা ক্লাব, তাদের সতীর্থ, কোচিং স্টাফ ও ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। ক্লাব যে শাস্তি দেবে তা মেনে নেবে বলেছেন তারা। এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ তাদের প্রত্যেককে পাঁচ লাখ ইউরোর আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।’
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, রিয়ালের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন শুয়োমেনি এবং উরুগুয়ান আন্তর্জাতিক ও মাদ্রিদ ভাইস ক্যাপ্টেন ভালভার্দের মধ্যে হাতাহাতি হয়, যার প্রভাব ছিল ড্রেসিংরুম পর্যন্ত।
এএস এক প্রতিবেদনে জানিয়েছে, পরের দিন ভালভার্দে শুয়োমেনির বিরুদ্ধে গণমাধ্যমের কাছে তথ্য ফাঁসের অভিযোগ আনেন। শুয়োমেনি তা প্রত্যাখান করেন। পরে দুজনে হাত মেলাতে নারাজ ছিলেন। এই চাপা উত্তেজনার বহিঃপ্রকাশ হয় আরও খারাপভাবে। ভালভার্দে লাগাতার শুয়োমেনির বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ করে যেতে থাকেন। ভালভার্দেকে ধাক্কা দিয়ে ফেলে দেন শুয়োমেনি এবং মাথায় আঘাত পান। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে সেলাই পড়ে মাথায়।
তবে লম্বা এক পোস্টে এই বিষয় নিয়ে কথা বলেছেন ভালভার্দে। তিনি নিশ্চিত করেছেন, শুয়োমেনির সঙ্গে তার তর্কাতর্কি হলেও মারামারি হয়নি। রাগে-ক্ষোভে একটা সময় তিনিই দুর্ঘটনাবশত টেবিলে আঘাত করে, যার ফলে কপালে অল্প একটু কেটে যায় এবং হাসপাতালে যেতে হয়েছে তাকে। এই ইনজুরির কারণে আগামী রোববার ক্লাসিকোতে খেলতে পারবেন না ভালভার্দে।
সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের মারামারি হয়নি বলে জানান এই উরুগুয়ান, ‘কোনোভাবেই আমার সতীর্থ আমাকে আঘাত করেনি, আমিও তাকে আঘাত করিনি। যদিও আমি বুঝতে পারছি, এটা লোকজনের জন্য বিশ্বাস করা সহজ যে আমরা মারামারি করেছি কিংবা সেটা ছিল ইচ্ছাকৃত। কিন্তু তেমন কিছু হয়নি। প্রতিযোগিতার ক্লান্তি ও হতাশার কারণে সবকিছু আসল ঘটনার চেয়ে বড় করে দেখা হয়েছে।’
শুক্রবার মাদ্রিদের সঙ্গে অনুমীলন করেছেন শুয়োমেনি। লা লিগায় বার্সার শিরোপা অপেক্ষা বাড়াতে এই ম্যাচ জিততেই হবে তাদের।