স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

সংগৃহীত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান ‘সত্যান্বেষী’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ৮৫ ও ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান ৮২, ৮৩ ও ৮৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

কুরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মুখোশ’। লুকিয়ে থাকা সত্য উদ্ঘাটন করে সমাজের সামনে তুলে ধরাই সাংবাদিকতার মূল লক্ষ্য—এই ভাবনাকে কেন্দ্র করেই থিমটি নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ নাফে আস-সাবের, রেজিস্ট্রার মো. আব্দুল মতিনসহ বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা।

সাংস্কৃতিক পর্বে বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন। বিশেষ করে সমসাময়িক মোবাইল সাংবাদিকতার নৈতিকতা নিয়ে ‘আটক’ শিরোনামের একটি নাটক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।  দ্বিতীয় পর্বে ব্যান্ড শোর সুরে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় ‘সত্যান্বেষী’ অনুষ্ঠান।