চলনবিলের ঐতিহ্য ফেরাতে মৎস্য সংরক্ষণাগার প্রতিষ্ঠা করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চলনবিলের ঐতিহ্য ফেরাতে মৎস্য সংরক্ষণাগার প্রতিষ্ঠা করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

​মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চলনবিলের হারানো ঐতিহ্য ও দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে এ অঞ্চলে আধুনিক মৎস্য সংরক্ষণাগার প্রতিষ্ঠা করা হবে।

শনিবার (৯মে) বিকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্য চাষী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ​'নিরাপদ মৎস্য উৎপাদন, বাজার নীতি সম্প্রসারণ ও আন্তর্জাতিক রফতানি চেইন প্রতিস্থাপন' শীর্ষক এ সম্মেলনে প্রতিমন্ত্রী দেশের মৎস্য খাতের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমাদের দেশ সম্পদে ভরপুর। চলনবিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোয় উৎপাদিত মাছ দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে সরকার কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু করেছে।

​প্রতিমন্ত্রী আরো বরেন, নির্বাচনের সব প্রতিশ্রুতি সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। উন্নয়নের এ ধারাকে সমুন্নত রাখতে সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় ভারত থেকে যেন কোনো পশু অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশে চাহিদার তুলনায় ২২ লাখেরও বেশি পশু অতিরিক্ত রয়েছে। ফলে দেশীয় খামারিরা যাতে লোকসানের মুখে না পড়েন, সেজন্য সীমান্তজুড়ে কঠোর নজরদারি বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরের চলনবিল ও হালতিবিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোয় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের মাধ্যমে মৎস্য চাষে নতুন বিপ্লব ঘটানো হবে। দেশীয় মাছের বংশবৃদ্ধি, সংরক্ষণ এবং উন্নত বাজারজাতকরণে বিশেষ উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি মৎস্য চাষীদের আধুনিক ও উন্নত প্রশিক্ষণের আওতায় এনে দেশে আমিষের ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেন।

​মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ ও নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক।