যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের ধাক্কায় নিহত ১

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের ধাক্কায় নিহত ১

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রন্টিয়ার এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ধাক্কায় একজন নিহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, সংঘর্ষের পর ইঞ্জিনে অল্প সময়ের জন্য আগুন ধরে যায়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।

ফ্রন্টিয়ার এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, বিমানের কেবিনে ধোঁয়া দেখা যাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২৪ জন যাত্রী ও ক্রুকে জরুরি স্লাইড ব্যবহার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, নিহত ব্যক্তি বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে ভেতরে প্রবেশ করেন। এর মিনিট দুয়েক পরই রানওয়ে পার হওয়ার সময় বিমানের ধাক্কায় নিহত হন।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ফ্রন্টিয়ার এয়ারলাইনসের বিমানটি ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে উড্ডয়ন করছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার অডিও রেকর্ডিং অনুযায়ী, এয়ার ট্রাফিক কন্ট্রোলার উড্ডয়নের অনুমতি দিয়ে পাইলটকে শুভরাত্রি জানানোর কিছুক্ষণ পরই পাইলট টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

পাইলট বলেন, ‘আমরা রানওয়েতেই থামছি। আমরা একজনকে ধাক্কা দিয়েছি। ইঞ্জিনে আগুন লেগেছে। একজন ব্যক্তি রানওয়ে পার হচ্ছিলেন।’

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, সংঘর্ষের সময় বিমানটি ‘উচ্চ গতিতে’ চলছিল। এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত রাতে এক অনুপ্রবেশকারী ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ভেঙে বেড়া টপকে রানওয়েতে প্রবেশ করে। কোনও অবস্থাতেই কারও বিমানবন্দরে অনধিকার প্রবেশ করা উচিত নয়।’

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তি বিমানবন্দরের কোনো কর্মী নন। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: বিবিসি