রাত ১টার মধ্যে দেশের ১৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, সতর্কতা জারি

রাত ১টার মধ্যে দেশের ১৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, সতর্কতা জারি

ফাইল ছবি

 

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে ১৮ জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।

রবিবার আবহাওয়া অফিসের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়।

পূর্বাভাসে বলা হয়, রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের অপর পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সোমবারের (১১ মে) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ মে থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস রয়েছে।