যশোরের অভয়নগরে ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

যশোরের অভয়নগরে ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

ফাইল ছবি

 

যশোরের অভয়নগরে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী আহত হয়েছেন।

রবিবার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লা ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন (৩৩) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আহত রায়হান (২৯) একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।  

চিকিৎসাধীন রায়হান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা ট্রাকটি নিয়ে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে পৌঁছান। সেখানে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরমুখী একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উলটে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক মনোয়ার ছিটকে রেললাইনের ওপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপার রায়হানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার ফলে ওই রুটে প্রায় একঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয় মোটর শ্রমিকনেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, ‘আকিজ রিসোর্সেসের ডিপো থেকে কয়লা লোড করতে হলে এই রেললাইন পার হতে হয়।

কিন্তু ক্রসিংটি সম্পূর্ণ অরক্ষিত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এখানে দ্রুত গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। ’

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, রবিবার দুপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যশোরমুখী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হয়েছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর যশোর-খুলনা রুটে কিছুসময় ট্রেন চলাচল বন্ধ ছিল।