বৃষ্টিতে ভেস্তে গেল পুরো এক সেশন, জানা গেল খেলা কখন শুরু

বৃষ্টিতে ভেস্তে গেল পুরো এক সেশন, জানা গেল খেলা কখন শুরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান যখন লাঞ্চে যায়, তখনো আকাশ খানিকটা মেঘলা। কিন্তু দুই দল যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে ড্রেসিংরুমেই থাকতে হয়েছে। তারপর প্রায় ঘণ্টা দুয়েক বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনে খেলাই হয়নি। শুরু হয়ে গেছে চা বিরতি। স্থানীয় সময় তিনটা ৪৫ মিনিটে খেলা শুরু হবে বলে জানা গেছে।

এর আগে মিরপুর টেস্টের চতুর্থ দিনের শুরুতেই দুই ওপেনার সাজঘরে ফিরলে খানিকটা চাপেই পড়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে স্বস্তি দিয়েছে দলনেতা নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের জুটি। লাঞ্চ বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। প্রথম সেশনে তারা তুলেছিল ২ উইকেটে ৮৬ রান।

বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৯৩ রান। ফলে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১২০ রানে।

চতুর্থ দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দিনের দ্বিতীয় বলে চার হাঁকালেও দেখেশুনেই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু আব্বাস আফ্রিদির কাছে পরাস্ত হন জয়। ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও হয়নি কোনো ফায়দা।

আর ইনিংসের ১১তম ওভারে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এবার উইকেট পান হাসান আলি। তার করা বলে ব্যক্তিগত ১০ রানে স্লিপে ক্যাচ তুলে নেন বাংলাদেশি এই ওপেনার। ফলে ২৩ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

চাপে পড়া দলের হাল ধরেছেন দলনেতা নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এই দুই ব্যাটার মিলে গড়েছেন অপ্রতিরোধ্য ৭০ রানের জুটি। ৮২ বলে ৩৭ রানে মুমিনুল ও ৫৭ বলে ৩৪ রানে শান্ত অপরাজিত রয়েছেন।

আর পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আব্বাস ও হাসান আলি।

এদিকে ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পেলেও শেষ পর্যন্ত তাদের চেয়ে পিছিয়ে ছিল পাকিস্তান। স্বাগতিক স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩৮৬ রান করে থেমে যায় তাদের ইনিংস। তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১.৫ ওভারে বিনা উইকেটে ৭ রান করে বাংলাদেশ।