সরকারি খরচে ১৪ লাখেরও বেশি অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

সরকারি খরচে ১৪ লাখেরও বেশি অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

ফাইল ছবি

 

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আইনি পরামর্শ সেবা পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৯৭ জন নারী, ২ লাখ ৯৪ হাজার ১০৯ জন পুরুষ, ২৪০৭ জন শিশু এবং তৃতীয় লিঙ্গের ৬৯ জন।

মামলায় আইনি সহায়তা পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ২৮৫ জন নারী, ২ লাখ ৩৩ হাজার ১২৯ জন পুরুষ, ২ হাজার ২২৪ জন শিশু এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ১১ জন নারী; ১ লাখ ৭০ হাজার ৩৪০ জন পুরুষ এবং ৭০ হাজার ৮৩২ জন শিশু। জাতীয় হেল্পলাইন কলসেন্টার স্থাপনের পূর্ব পর্যন্ত হটলাইনের মাধ্যমে তথ্য সেবা পেয়েছেন ১০ হাজার ৪১ জন নারী এবং ৭ হাজার ২৮৭ জন পুরুষ।

আইনি সহায়তা প্রাপ্ত উপকারভোগীর মধ্যে ৬ লাখ ৫৭ হাজার ৩৩৪ জন নারী, ৭ লাখ ৪ হাজার ৮৬৫ জন পুরুষ, ৭৫ হাজার ৪৬৩ জন শিশু এবং তৃতীয় লিঙ্গের ৭৪ জন।

সবমিলিয়ে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।