সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

প্রতিকি ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সোবহান প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রবিবার রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাটিতে যুক্ত থাকার সন্দেহে স্থানীয়রা একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্বজনরা জানান, রাতে সোবহান প্রামানিক ও তার স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন।

গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের অভিযোগ, খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছে। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ওই এলাকায় বাবা-ছেলে হত্যার ঘটনাও ঘটে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে আটক হায়দুলের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।